আনুষ্ঠানিকভাবে পৌরসভার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তবে আগামী ১৪ ডিসেম্বরের আগে কোনো প্রার্থী প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছেন, যাঁরা দলীয়ভাবে মেয়র পদে নির্বাচন করছেন, তাঁদের প্রতীক রয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এখনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রার্থীদের মধ্যে যাতে বৈষম্য না হয়, এ কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
ইসির এ ঘোষণায় প্রচারণার শুরুতেই প্রার্থী-সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আইনে আছে, ২১ দিন আগে প্রচারণা চালানো যাবে না। কিন্তু প্রতীক নিয়ে প্রচারণা চালালে আচরণ বিধি লংঘন হবে কিনা তা বিধিতেও স্পষ্ট করা হয়নি।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, বুধবার থেকে প্রচারণা চালাতে কোনো বাধা নেই। কেননা, ভোটগ্রহণের ২১ দিন আগ থেকে প্রচারণা চালানো যায়। এক্ষেত্রে দলীয় মেয়র, স্বতন্ত্র মেয়র বা কাউন্সিলর প্রার্থীরা জনসংযোগ বা ঘরোয়া সভার মতো প্রচারণা চালাতে পারবেন। ভোটও চাইতে পারবেন। সবই করতে পারবেন। শুধু প্রতীক ব্যবহার করতে পারবেন না।