আগামী মাসে নিউজিল্যান্ড সফরেই পাকিস্তান দলে ফিরতে পারেন দীর্ঘদিন নিষিদ্ধ থাকা মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক উর্ধতন কর্মকর্তা এ কথা জানান। কিন্তু এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কার মাটিতে চিরপ্রতিদ্বন্দি ভারতের বিপক্ষে প্রস্তাবিত সিমিত ওভারের সিরিজে আমিরের দলে ফেরার কোন সম্ভাবনা নাকচ করেছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
খান বলেন, 'না, প্রস্তাবিত ভারতের বিপক্ষে সিরিজে সে আমাদের বিবেচনায় নেই। কেননা তাকে (আমির) জাতীয় দলে ফেরানোর আগে আমরা তার সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা ও কিছু বিষয়ে নিশ্চিত হতে চাই।'
জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে সিমিত ওভারের সিরিজে আমির খেলতে পারে কিনা- প্রশ্নের জবাবে খান বলেন, হ্যাঁ এ সিরিজের জন্য সে বিবেচনায় আছে। খান বলেন, 'এ সিরিজের জন্য আমরা তার কথা ভাবছি এবং এ সফরেই সে জাতীয় দলে ফিরতে পারে।'
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আমিরের সঙ্গে খেলা মিসবাহ উল হক, শহিদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজের মত সিনিয়র খেলোয়াড়দের সঙ্গেও পিসিবি যোগাযোগ রাখছে বলে নিশ্চিত করেন খান।
তিনি বলেন, 'তার (আমির) আচার-ব্যবহার, মনোভাব এবং কেমন করছে সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে খবর পাচ্ছি। তবে এ সকল তথ্যের ভিত্তিইে আমরা আমাদের সিদ্ধান্ত নেব এটা সঠিক হবে না।'
পিসিবি প্রধান বলেন, যেহেতু আমির তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছে, বোর্ডের নিয়ম কানুন মেনে চলেছে এবং ভাল করছে; তাই তাকে পকিস্তান দলে ফেরানোর একটা চিন্তা-ভাবনা আছে। বাসস।