মোহাম্মদ আমিরের পাকিস্তান জাতীয় দলে ফেরার পক্ষ নিলেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। শুধু তাই নয়, পাকিস্তান থেকে যেসব খবর মিলছে তাতে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত পেসারটি জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরেও ঠাঁই পেতে পারেন।
সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এর মধ্য দিয়ে মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খানের কথার প্রতিধ্বনি করলেন। পিসিবি প্রধান গত সপ্তাহে আভাস দিয়েছিলেন যে, আমিরকে আগামী মাসে পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের জন্য বিবেচনা করা হতে পারে।
আকরাম বোলারটিকে ফেরানোর ব্যাপারে বলেন ‘আমির তার সাজা ভোগ করেছে। এখন তার অবশ্যই পাকিস্তান দলে সুযোগ পাওয়া উচিত। আমিরের প্রত্যাবর্তন পাকিস্তানকে শক্তিশালী করবে। কেননা সে এখন সেরা বোলার।’ তিনি আরো বলেন, আমিরকে এখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলে জাতীয় দলে নিজের জায়গা করে নিতে হবে।
এর আগে আমিরের জাতীয় দলে ফিরার প্রশ্নে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস ও পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান আমিরের জাতীয় দলে অন্তর্ভুক্তির ব্যাপারে ইতিবাচক সাড়া দেন। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা আমিরের অন্তর্ভুক্তির বিপক্ষে। এছাড়াও মোহাম্মদ হাফিজ বিপিএলে আমিরের দল চিটাগাং ভাইকিংসে একসাথে খেলার ব্যাপারে অস্বীকৃতি জানান। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে নামা হাফিজের পাশাপাশি পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদও আমিরকে জাতীয় দলে দেখতে চান না বলে জানান।
২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর আমির বিপিএল ও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট খেলছেন। আমির বিপিএলে নয় ম্যাচে ১৪ টি উইকেট নিয়েছেন। এছাড়া পাকিস্তানের কায়েদে আজম ট্রফি ও গ্রেড-২ টুর্নামেন্টেও আমিরের পারফরম্যান্স পিসিবি ও টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছে।
পিসিবি প্রধান তার প্রসঙ্গে বলেন, যেহেতু আমির তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছে, বোর্ডের নিয়ম কানুন মেনে চলেছে এবং ভালো করছে তাই তাকে পাকিস্তান দলে ফেরানোর একটা চিন্তা-ভাবনা আছে।