‘২০৫০ সালের আগেই দেশ ইউরোপ-আমেরিকার মতো হবে’

 

জনপ্রিয় লেখক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, শিক্ষার্র্থীদের ভালভাবে পড়াশুনা করতে হবে। তা হলেই আমাদের দেশের সম্পদ বেড়ে যাবে। ২০৫০ সালের আগেই দেশ ইউরোপ-আমেরিকার মতো হবে।

 

গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘর আসর আয়োজিত মুক্তিযোদ্ধের বিজয় মেলার সমাপনী দিনের আলোচনা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মুহাম্মদ জাফর ইকবাল বলেন, প্যালেস্টাইনরা ৫০-৬০ বছর  চেষ্টায়ও একটি স্বাধীন দেশ পায়নি। অথচ আমরা নয় মাসের যুদ্ধেই স্বাধীন একটি দেশ পেয়েছি। এই দেশটাকে গড়তে না পারলে মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ হবে না।

 

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, খেলাঘর আসরের সম্পাদক মণ্ডলীর সদস্য প্রনয় সাহা, সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনীন। স্বাগত বক্তব্য দেন  খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার।