হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুনারু এলাকায় বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এতে জেলা সদরের সঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানায়, সকালে সিলেট থেকে বানিয়াচংগামী একটি পাথর বোঝাই ট্রাক সুনারু এলাকার বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ট্রাকসহ ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়। এ সময় ব্রিজের উভয় পাশে বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়ে। এতে জেলা সদরের সঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মঞ্জুরুল হাসান জানান, ভেঙ্গে পড়া ব্রিজটি সরিয়ে নেয়ার কাজ চলছে। পাশাপাশি পায়ে হেঁটে পারাপারের জন্য বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে। যান চলাচলের জন্যও বিকল্প সড়ক নির্মাণের কাজ চলছে। তবে পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ করতে কয়েক মাস সময় লাগবে।