রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে প্রচারণা

 

রাজশাহীর ১৩টি পৌরসভায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। পাড়া-মহল্লায় গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন প্রার্থীরা।

 

এদিকে তানোরে সরকার দলীয় মেয়র প্রার্থী ইমরুল হক বুধবার দলীয় নৌকা প্রতীক সম্বলিত পোস্টার নির্বাচনী এলাকায় সাঁটিয়েছেন। অন্যদিকে কাটাখালির সরকার দলীয় মেয়র প্রার্থী আব্বাস আলী সরদার চিনিকলের গাড়িতে করে সমর্থকদের নিয়ে শোডাউন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর নির্দলীয় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের আগে দলীয় প্রার্থীরা প্রতীক সহকারে প্রচারণা চালাতে পারবেন না। এটি করলে তা নির্বাচণী আচরণবিধির লঙ্ঘন হবে।

 

তবে দলীয় প্রতীকসহ পোস্টার সাঁটানোর অভিযোগ স্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইমরুল হক বলেন, ‘প্রচারণা চালানো যাবে বিধায় পোস্টার মেরেছি। তবে দুপুরে নির্বাচন কর্মকর্তা আমাকে বলেছেন, আচরণবিধি পরিপন্থী পোস্টার লাগানো যাবে না। এরপর সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।

 

তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, বিষয়টি জানার পর মেয়র প্রার্থী ইমরুল হককে তার পোস্টারগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।

 

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার সকাল থেকে নওহাটা পৌরসভার সরকার দলীয় মেয়র প্রার্থী আবদুল বারী খান, বিএনপির দলীয় প্রার্থী শেখ মকবুল হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, চারঘাটে পৌরসভার সরকার দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নার্গিস খাতুন, পুঠিয়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রবিউল ইসলাম রবি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিএম হীরা বাচ্চু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থীরা শুধু ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন।