রাজস্ব আদায়ে ইমামদের দুয়ারে যাচ্ছে এনবিআর

 

রাজস্ব আদায়ের ‘বিশাল লক্ষ্য’ অর্জনে ইমামদের প্রশিক্ষণ দেওয়াসহ বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

রাজধানীর সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অর্থবছরের শুরুতে যখন আমাদের (এনবিআরের) ওপর বিশাল রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হলো, তখন আমরা ঠিক করি, কিছু অভিনব উপায়ে রাজস্ব আদায়ের উদ্যোগ নিতে হবে। এর মধ্যে রাজস্ব সংলাপ একটি অন্যতম উপায়। এই সংলাপের মাধ্যমে আমরা জনসাধারণকে বোঝাতে চেষ্টা করব, কর বা মূসক দেওয়া তাদের নাগরিক দায়িত্ব। যেমন আমি ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের সাথে আলাপ করেছি। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার প্রধান যারা, তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে জনসাধারণকে সতেচন করা হবে।’

 

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের এই প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, যাতে ইমামরা রাজস্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পান। ইমামদের মাধ্যমে প্রত্যেক মসজিদে রাজস্ব সংলাপ করা হবে।

 

নজিবুর রহমান জানান, জনপ্রতিনিধিদের নিয়েও বিভিন্ন এলাকায় আলোচনা সভা হবে। এজন্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে নিয়ে চট্টগ্রামে এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে নিয়ে তার এলাকায় আলোচনা করা হবে। জনপ্রতিনিধিরা রাজস্ব বিষয়ে জনগণকে ধারণা দেবেন। একইভাবে উপজেলা পর্যায়ে এ ধরনের কার্যক্রম নেওয়া হবে।

 

তিনি আরো জানান, করদাতাদের সঙ্গে রাজস্ব বোর্ডের যোগাযোগ বাড়াতে প্রতিটি জেলায় রাজস্ব ভবন করা ও উপজেলা অফিসগুলোকে আরো সক্রিয় করার উদ্যোগ রয়েছে। এখন কেন্দ্র চলে যাবে উপজেলায়।

 

ব্যাংকের হিসাবধারীদের যাতে টিআইএন, ভ্যাট, বিআইএন নম্বর থাকে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান এনবিআর চেয়ারম্যান।

 

সংবাদ সম্মেলনে তিনি চলতি অর্থবছরের পাঁচ মাসের রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরেন।