টানা তৃতীয়বারের মত সেরা সামিটের বিদ্যুৎ প্রকল্প

 
এবারো জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পুরষ্কার জিতে নিল সামিট গ্রুপের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান 'সামিট বিবিয়ানা টু পাওয়ার কোম্পানী লি.'। এনিয়ে টানা তিন বছর সেরার পুরষ্কার পেল সামিটের তিনটি প্রকল্প।
 
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরষ্কার গ্রহণ করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
 
গ্রুপের অন্য দুই প্রতিষ্ঠান- সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানী লি. ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী এবং সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লি. ২০১‌৪ সালে মহামান্য রাষ্টপতির কাছ থেকে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের সেরা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সম্মাননা গ্রহণ করে। এবারের সেরার পুরষ্কার পাওয়া সামিট বিবিয়ানা টু পাওয়ার কোম্পানী লি. বেসরকারি খাতের প্রথম বৃহত্তম ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) যা ফার্স্ট ট্র্যাক ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় ঢাকার ১৮০ কি.মি. উত্তর-পূর্বের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পাকরুলে। ৩৪১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার গ্যাস-চালিত কম্বাইন্ড সাইকেল প্ল্যান্টটি এই মুহূর্তে অতিরিক্ত ৩৯ মেগাওয়াটসহ মোট ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
 
সেরা বিদ্যুৎ প্রকল্পের পুরষ্কার পাওয়ার ক্ষেত্রে প্ল্যান্টটির প্রযুক্তিগত উচ্চ-সক্ষমতা এবং নিম্নতম বিদ্যুৎ উৎপাদন খরচ ভূমিকা রেখেছে যা সরকারকে সর্বনিম্ন ট্যারিফে বিদ্যুৎ সরবরাহ করছে (এক টাকা ৯০ পয়সা প্রতি কিলো-ঘন্টা)। এ ছাড়া অতিরিক্ত উৎপাদন ৩৯ মেগাওয়াট বিদ্যুৎ বিনা ট্যারিফেও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটি সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব, কম গ্রিন হাউস গ্যাস ও কার্বন মনোক্সাইড নিঃসরণ এবং জ্বালানি, পানি ও ভূমি সাশ্রয়ী হিসেবে বিশ্বব্যাংকসহ সকল আন্তর্জাতিক মানদণ্ডকে বজায় রেখেছে।
 
'সামিট বিবিয়ানা টু পাওয়ার কোম্পানি লি.'র ৮০ ভাগ অংশের মালিকানা সামিট গ্রুপের এবং ২০ ভাগ অংশের মালিক বিশ্বখ্যাত বহুজাতিক- জেনারেল ইলেকট্রিক (জিই)। এই প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশান (আইএফসি) এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) সরাসরি ২১০ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে যা বাংলাদেশের বেসরকারি খাতে এই তিন উন্নয়ন সহযোগীর প্রতিটিরই সর্বোচ্চ ঋণ প্রদান।