যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের পর প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বিএনপির ‘চেহারা’ স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। পাকিস্তানের প্রতিক্রিয়াকে ‘উন্মাদনা’ হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘তাদের উন্মাদনার ফলে দুটি জিনিস প্রমাণিত হয়েছে। প্রথমত পৃথিবীতে সিভিলাইজড জাতি হিসাবে থাকার অধিকার তাদের নাই। দ্বিতীয়ত তারা প্রমাণ করেছে, এদেশে তাদের দোসর কারা এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর বিএনপি নামক দলটি পাকিস্তানপ্রেমী।’
বৃহস্পতিবার পল্টনের মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে ‘আমাদের আইন’ নামক সংগঠন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধের বিচারের রায়ের প্রতিক্রিয়ার মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক আইনের লংঘন করেছে মন্তব্য করে শামসুদ্দিন চৌধুরী কমনওয়েলথ ও সার্ক থেকে দেশটিকে বহিষ্কারের দাবি তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘পাকিস্তান নির্লজ্জের মতো আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি দেশ তার আইনে বিচার করবে। কিন্তু পাকিস্তান উন্মাদের মতো যে বক্তব্য দিয়েছে তা সেই আইনের লঙ্ঘন।’