ময়মনসিংহের মুক্তাগাছার ৭ নম্বর ওয়ার্ডের কান্দিগাঁও সৈয়দ পাড়া এলাকা থেকে আইন উদ্দিন মণ্ডল (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ির পাশে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
মৃত আহমদ আলী মণ্ডলের ছেলে আইনউদ্দিনের সহোদর বড় ভাই ময়েন ড্রাইভার (৫০) জানান, এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা আইন উদ্দিন। পেশায় একজন গরু ব্যবসায়ী ও কৃষক। কিছুদিন যাবৎ স্থানীয় কিছু বখাটে আইন উদ্দিনের মেয়ে তানিয়াকে (১৪) উত্যক্ত করে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার স্থানীয়ভাবে সালিশ হয়। আজ সকালে বাড়ির পাশে গলায় দড়ি পেচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে ।
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মাহবুব জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।