জাতীয় দল সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনায় করিম বেনজেমার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় তাকে বহিষ্কার করেছে ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। ব্ল্যাকমেইলিংয়ের এই ঘটনায় বেনজেমার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। এই পুলিশি মামলা শেষ না হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার দেশের হয়ে খেলবেন না বলে জানিয়েছে ফরাসি ফুটবল সংস্থা।
এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েত জানান, বেনজেমাকে বহিষ্কার করাটা তার ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’। বিষয়টি জাতীয় দলের কোচ দিদিয়ে দেশমকেও জানিয়েছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে লে গ্রায়েত বলেন, ‘আগামীকাল যদি একটা ম্যাচ থাকতো তাহলে সে খেলত না। পরিস্থিতি এইরকম থাকলে মার্চেও (ফ্রান্সের পরবর্তী ম্যাচ) সে খেলবে না। জুনেও যদি পরিস্থিতি একই থাকে তাহলে ২০১৬ ইউরোতেও সে খেলবে না।’
২৭ বছর বয়সী বেনজেমা অবশ্য শুরু থেকেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত হওয়ায় দেশের মাটিতে ইউরোর আগামী আসরে তার খেলার সম্ভাবনা হুমকির মুখে পড়েছে।