নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ২৩৪ রানে পিছিয়ে রয়েছে সফরকারী শ্রীলংকা। দ্বিতীয় দিনের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ৪৩১ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। এরপর ব্যাট হাতে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৯৭ রান করেছে লংকানরা।
প্রথম টেস্টের প্রথম দিনই বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিলের ১৫৬, কেন উইলিয়ামসনের ৮৮ ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ৭৫ রানের উপর ভর করে ৮ উইকেটে ৪০৯ রান তুলে প্রথম দিন শেষ করেছিলো স্বাগতিকরা।
বাকী দুই উইকেটে দ্বিতীয় দিনে ২২ রানের বেশি যোগ করতে পারেনি নিউজিল্যান্ড। ফলে ৪৩১ রানেই অলআউট হতে হয় ব্ল্যাক ক্যাপসদের। ৩২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ডগ ব্রেসওয়েল ফিরেন ৪৭ রান করে। শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন নুয়ান প্রদীপ। ২টি করে উইকেট নিয়েছেন সুরাঙ্গা লাকমল ও দুসমন্ত চামিরা।
দিনের শুরুতে নিউজিল্যান্ডের শেষ দুই উইকেট নেয়ার সাফল্য ব্যাটসম্যানরা ধরে রাখতে পারেননি। নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ২৯ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা। কুশাল মেন্ডিস ৮ ও উদারা জয়াসুন্দেরা ১ রান করে ফিরেন।
শুরুর ধাক্কাটা পরবর্তীতে ভালোভাবে সামাল দেন আরেক ওপেনার দিমুত করুনারত্নে ও উইকেটরক্ষক দিনেশ চান্ডিমাল। উইকেটের সাথে দ্রুত মানিয়ে দলের স্কোরে রানের হাওয়া যোগান তারা। সেই সাথে উইকেট বাচিঁয়ে খেলার প্রবণতাও প্রখর ছিলো চান্ডিমাল ও করুনারত্নের। দারুন জমে উঠা জুটিটি অবশেষে থামে নিউজিল্যান্ড স্পিনার মিচেল সান্তনারের আঘাতে। ৮৪ রান করা করুনারত্নেকে থামিয়ে দেন সান্তনার। এই ইনিংসে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরির স্বাদ নিয়েছেন করুনারত্নে।
এরপর উইকেটে যোগ দেন অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। দলপতির কাছ থেকে বড় জুটির প্রত্যাশায় ছিলো শ্রীলংকা শিবির। কিন্তু ১০ বলের বেশি খেলতে পারেননি ম্যাথুজ। দলীয় ১৫৬ রানে ম্যাথুজকে ব্যক্তিগত ২ রানে থামিয়ে দেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। ৫ রানের মধ্যে করুনারত্নে ও ম্যাথুজ ফিরে যাওয়ায় বেশ চিন্তায় পড়ে যায় শ্রীলংকা।
কিন্তু দিনের শেষভাগে সেই চিন্তাকে আর বড় হতে দেননি চান্ডিমাল ও কিথুরুয়ান ভিথানাগে। কোনো বিপদ ছাড়াই দিনের শেষভাগ শেষ করেন তারা। টেস্ট ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া চান্ডিমাল অপরাজিত আছেন ৮৩ রান নিয়ে। আর ১০ রানে অপরাজিত আছেন ভিথানাগে। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, সাউদি, নিল ওয়াগনার ও সান্তনার ১টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৩১/১০, ৯৬.১ ওভার (গাপটিল ১৫৬, উইলিয়ামসন ৮৮, ম্যাককালাম ৭৫, প্রদীপ ৪/১১২)।
শ্রীলংকা প্রথম ইনিংস: ১৯৭/৪, ৮১ ওভার (করুনারত্নে ৮৪, চান্ডিমাল ৮৩*, সাউদি ১/৩৫)। বাসস