বিশ্বকাপ টি-টোয়েন্টির এক গ্রুপে লড়াই করবে সর্বশেষ গত তিন বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড! অন্যদিকে গতবারের মত এবারও একই গ্রুপে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
সুপার টেন গ্রুপ ১- এ গত তিন আসরের চ্যাম্পিয়নের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ড উতরে আসা দল।
সুপার টেন গ্রুপ ২-এ প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের সঙ্গী এখনও শিরোপা জিততে না পারা অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। প্রথম রাউন্ড পার হতে পারলে বাংলাদেশও থাকবে এই গ্রুপেই।
২৭ দিনের টুর্নামেন্টে ছেলে ও মেয়েদের ম্যাচগুলো মিলিয়ে মোট ম্যাচ ৫৮টি। প্রথম রাউন্ডের খেলা দিয়ে ৮ মার্চ নাগপুরে শুরু হবে টুর্নামেন্ট। ৩০ মার্চ নয়া দিল্লি ও ৩১ মার্চ মুম্বাইয়ে হবে সেমি-ফাইনাল। ৩ এপ্রিল ফাইনাল কলকাতার ইডেন গার্ডেনসে। ফাইনালের জন্য থাকবে একটি রিজার্ভ ডে।
নাগপুর, দিল্লি, মুম্বাই ও কলকাতা ছাড়াও খেলা হবে চেন্নাই, বেঙ্গালুরু, ধর্মশালা ও মোহালিতে। ছেলেদের টুর্নামেন্টের মোট প্রাইজমানি থাকছে এবার ৫৬ লাখ মার্কিন ডলার, গত আসরের চেয়ে যা ৮৬ শতাংশ বেশি। মেয়েদের আসরের জন্য প্রাইজমানি গতবারের চেয়ে ১২২ শতাংশ বেড়ে হয়েছে ৪ লাখ মার্কিন ডলার।
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ৫ দল। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় শিরোপা জিতেছে ভারত, ২০০৯ সালে ইংল্যান্ডে জিতেছে পাকিস্তান। ২০১০ সালে ইংল্যান্ড জিতেছে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা; স্বাগতিক ছিল সেবার ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে শ্রীলঙ্কার মাটিতে। ২০১৪ সালে বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে আসছে ২০০৯ সাল থেকে। প্রথম বার শিরোপা জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড, পরের তিন বারই জেতে অস্ট্রেলিয়া। বিডি নিউজ।