ভাণ্ডারিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি দুর্ঘটনায় নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার  চরখালী ফেরিঘাটে বাস দুর্ঘটনায় কৃষকলীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১১ জনের মধ্যে আটজন বরিশাল অ্যাপোলো হাসপাতাল ও তিনজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। নিহত আব্দুল হামিদ মুন্সি (৬৭) কৃষকলীগের উপজেলা সভাপতি ছিলেন।
 
ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দস জানান,   শুক্রবার দুপুরে ওই ফেরিঘাটের পল্টুনের কাছাকাছি জায়গায় কয়েকজন কর্মীসহ উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল হামিদ মুন্সি (৬৭) ফেরির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অন্য একটি গাড়ি ফেরিতে উঠতে গিয়ে পল্টুনে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নেতা ও ওইসব কর্মীদের উপর উঠিয়ে দেয় । এতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করেছে পুলিশ। পলাতক চালক দেলোয়ারকে আটকে বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।