চতুর্থ উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড গড়লেন ভোজেস-শন মার্শ

টেস্ট ক্রিকেটে চতুর্থ উইকেট জুটিতে নয়া বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার এডাম ভোজেস ও শন মার্শ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে ৪৪৯ রানের জুটি গড়েন ভোজেস ও শন। ফলে ভেঙ্গে যায় শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিরার ৪৩৭ রানের রেকর্ড। ২০০৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার প্রথম ইনিংসের চতুর্থ উইকেটে জুটি বেঁধে ৪৩৭ রানের রেকর্ড গড়েছিলেন জয়াবর্ধনে ও সামারাবিরা।


হোবার্টে অস্ট্রেলিয়ার ইনিংসে দলীয় ১২১ রানে ওপেনার ডেভিড ওয়ার্নার বিদায় নেয়ার পর চতুর্থ উইকেটে জুটি বাঁধেন ভোজেস ও শন মার্শ। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন তারা। এতটাই প্রাধান্য বিস্তার যে, জুটিতে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন ভোজেস ও শন মার্শ। ৪৪৯ রানের জুটি গড়েন তারা। ভোজেস ডাবল-সেঞ্চুরি তুলে ২৬৯ রানে অপরাজিত থাকলেও, ১৮২ রানে আউট হন শন মার্শ। বাসস