বিপিএলে গতকাল লীগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে শেষ ওভারের নাটকীয়তায় ২ উইকেটে হারিয়েছিল বরিশাল বুলস। আগামীকাল শনিবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
লীগ পর্ব শেষে বরিশাল বুলস ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে। আর ঢাকা ডায়নামাইটস ৮ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে। শনিবারের ম্যাচে হারলেই সে দলকে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হবে। আর জিতলে সে দলকে ফাইনালে উঠার জন্য কোয়ালিফায়ার-১ ম্যাচে পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হবে।
এই টুর্নামেন্টে প্রথমদিকে না খেললেও শেষদিকে এসে বরিশাল বুলস দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তিন ম্যাচ খেলে তিনি করেছেন ১০৮ রান। এর মধ্যে ৪৭ বলে অপরাজিত ৯২ রানের একটি ইনিংসও রয়েছে তার।
আর ঢাকা ডায়নামাইটস দলে রয়েছেন কুমার সাঙ্গাকারা। টুর্নামেন্টের শুরু থেকেই খেলছেন তিনি। এ পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৩৩৯ রান সংগ্রহ করে এবারের আসরে সেরা রান সংগ্রহকারীদের তালিকায় সেরা অবস্থানে রয়েছেন তিনি।
বরিশাল বুলস দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১০ ম্যাচে করেছেন ১৮৯ রান। আর ঢাকা ডায়নামাইটস দলের আইকন ক্রিকেটার নাসির হোসেন ১০ ম্যাচ খেলে করেছেন ১৭৭ রান।