নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

গাংনী পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন। শনিবার বেলা ১১ টায় গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে আসাদুজ্জামান বাবলু এ ঘোষণা দেন।
 
এসময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি ও গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা বিএনপির নারী বিষয়ক সম্পাদক ও গাংনী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু উপস্থিত ছিলেন।
 
বিদ্রোহী প্রার্থী গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু তার বক্তব্যে বলেন, 'আমি সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বর্তমান সরকারের মামলা, হামলার স্বীকার হয়েছি। একাধিকবার আটক হয়ে কারাগারে গিয়েছি। নির্বাচন করলে আমার বিজয় নিশ্চিত জেনেও আমাকে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হয়নি। যেহেতু আমি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। তাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের প্রতি আস্থা রেখে এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি।