মাশরাফির নেতৃত্বে বিপিএল তৃতীয় আসরের ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে ৭২ রানে হারিয়েছে কুমিল্লা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তুলেছিল কুমিল্লা। তার জবাবে রংপুর গুটিয়ে যায় মাত্র ৯১ রানেই।
এর আগে টসে হরে ব্যাটিংয়ে নামে কুমিল্লা। এবারের আসরে সেরা উদ্বোধনী জুটিতে কুমিল্লাকে দারুণ শুরু এনে দেয় ইমরুল কায়েস ও লিটন দাস। ১১ ওভারে ৭৯ রানের জুটি গড়েন তারা। এতে অবশ্য মূল অবদান ইমরুলের। তাকে সঙ্গে দিয়ে গেছেন লিটন দাস। তাদের এই অসাধারণ জুটি ভাঙ্গেন রংপুরের পেরেরা। ম্যাচে ৫ উইকেট সংগ্রহ করে কুমিল্লা দুর্দান্ত শুরুকে কিছুটা হলেও ম্লান করে দেন তিনি। কিন্তু শেষ দিকে আবার ঝড় তুলে কুমিল্লার রান ১৬০ ছাড়িয়ে নেন জাইদি।
অন্যদিকে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুকতে থাকে রংপুর। সাইমন্স, নাবি ও পেরেরা ছাড়া অন্যকেউ ছুতে পারেনি দুই অঙ্কের স্কোর। জাইদির বলে সাকিব নিজেই ফিরেছেন শূণ্য রানে। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে রংপুরের চারটি গুরুত্বপূর্ন উইকেট শিকার করেন জাইদি। উইকেট শিকারে জাইদিকে সঙ্গ দেন আবু হায়দার। তিনিও নেন ৪ উইকেট। কিন্তু ওভার প্রতি খরচ করেন ৬.৩৩ রান। এ ছাড়াও একটি করে উইকেট শিকার করেন মাশরাফি ও রাসেল। ফলে ১৬০ রান তাড়া করে ৯১ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস।