মেসি-নেইমার-সুয়ারেজকে বিক্রি করবে না বার্সা

 

গত মৌসুমের শেষে লিওনেল মেসি ও নেইমারকে ইংল্যান্ডের কয়েকটি দল কেনার চেষ্টা করছে বলে গুঞ্জন ওঠে। অর্থনৈতিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ শক্তিশালী হওয়ায় বার্সেলোনা সমর্থকদের অনেকের মনেই হয়তো প্রিয় তারকাদের হারানোর শঙ্কা জাগে। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিলেন কাতালুনিয়া ক্লাবটির সভাপতি।

 

বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানালেন, অর্থনৈতিকভাবে প্রিমিয়ার লিগের দলগুলো শক্তিশালী হলেও তার দল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের কাউকেই বিক্রি করতে বাধ্য হবে না।

 

মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের মতো খেলোয়াড়দের জন্য ইংলিশ ক্লাবগুলোর প্রস্তাবের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য সবসময়ই বার্সেলোনার থাকবে বলে জানান তিনি।

 

গত কয়েক বছরে জনপ্রিয়তার দিক দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগকে কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছে লা লিগা। বিশ্বসেরা তারকাদের উপস্থিতিই স্পেনের ফুটবলকে এমন জনপ্রিয় করে তুলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের টিভি সম্প্রচার স্বত্ব নিয়ে রেকর্ড চুক্তির কারণে ক্লাবগুলোর আয় অনেক বেড়ে যাওয়াই এর মূল কারণ। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস নিজেই এই হুমকির কথা বলেছিলেন।

 

তার কিছু দিন পরেই মেসির ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন শোনা যায়। পরে অবশ্য মেসি বারবার বার্সেলোনাতেই থাকার ইচ্ছার কথা বলেন।

 

মৌসুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড নেইমারকে কেনার আগ্রহ দেখিয়েছে বলেও গণমাধ্যমে জোর গুঞ্জন ওঠে। পরে নেইমার নিজেও তা স্বীকার করেন। এরই মধ্যে নেইমারও কাম্প নউয়ে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।