রাজধানী ঢাকার পর শুক্রবার চট্টগ্রামেও সফলভাবে শেষ হল 'নীলসাগর গ্রুপ মিনি স্কাই ম্যারাথন'। বাংলাদেশে প্রথমবারের মতো বান্দরবানে আয়োজন করা হচ্ছে 'নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন'। এর অংশ হিসাবে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে মিনি ম্যারাথনের আয়োজন।
মিনি ম্যারাথনে চট্টগ্রামের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মজীবী প্রায় ১২০ জন প্রতিযোগী অংশ নেন। সকাল ৮টায় বন্দরনগরী চট্টগ্রামের ডিসি হিলে ম্যারাথনের উদ্বোধন করেন ডেপুটি কমিশনার মেসবাহ উদ্দীন। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বরে দেশের তরুণ-তরুণীরা নানা উদ্যোগের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। আজকের মিনি স্কাই ম্যারাথন সেরকমই একটি উদ্যোগ। শরীর সুস্থ থাকলে সব ধরণের কাজ স্বত:স্ফূর্তভাবে করা যায়। স্কাই ম্যারাথনটি বন্দরনগরীর মানুষজনকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে।
নীলসাগর গ্রুপ চট্টগ্রাম মিনি স্কাই ম্যারাথনটি ডিসি হিলে শুরু হয়ে লাভ লেন মোড়, নেভাল এভিনিউ, এমএ আজিজ স্টেডিয়াম, সিআরবি সাতরাস্তা, পোলো গ্রাউন্ড, টাইগার পাস, দেওয়ানহাট, চৌমুহনী, হোটেল আগ্রাবাদ, পূবালী ব্যাংক আগ্রাবাদ ব্রাঞ্চ মোড়, আগ্রাবাদ মোড়, চৌমুহনী, দেওয়ানহাট, টাইগার পাস, সিআরবি মোড়, সিআরবি সাতরাস্তা, হল টুয়েন্টিফোর, র্যা ডিসন মোড়, কাজির দেউরি, নেভাল এভিনিউ, লাভ লেন মোড় হয়ে ফের ডিসি হিলে শেষ হয়। এই ১০ কিলোমিটার পথ ম্যারাথন রানাররা ১ ঘণ্টা ২০ মিনিটে শেষ করার কথা থাকলেও মাত্র ৪৩ মিনিটে প্রথম প্রতিযোগী প্রতিযোগিতা সম্পন্ন করেন।
IMG0
ছেলেদের বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মিজানুল আজম, হামিদুল ইসলাম হীরু, নাসির উদ্দীন, দীপ্তিমান জিতু ও শিমুল গুপ্ত এবং মেয়েদের বিভাগে বিজয়ী হয়েছেন আইল ভ্যান মিরলো, শাগুফা হাবিবি, মিত্রা হুসাইনি, হ্লাইং মো ও খালিদা জিয়া। এই দশজন প্রতিযোগীরা মেডাল এবং ট্রফি জিতেছেন এবং তারা বান্দরবানে অনুষ্ঠিতব্য নীলসাগর গ্রুপ স্কাই ম্যারাথনে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের মাটিতে এই প্রথম কোনো ম্যারাথন অনুষ্ঠিত হলো। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল মোমেন।
তিনি বলেন, শরীর রক্ষার নানা আয়োজনের মধ্যে ম্যারাথন বা দৌড় হলো সর্বস্বীকৃত মাধ্যম। আর চট্টগ্রামে এর নিয়মিত আয়োজন হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো চিফ সালাহ উদ্দিন মো. রেজা, দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো চিফ শহিদুল্লাহ শাহরিয়ার, সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল প্রমুখ।
দেশের স্বনামধন্য অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চারের আয়োজনে এই স্কাই ম্যারাথনে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বিপিএলের বরিশাল বুলসের অন্যতম কর্ণধার নীলসাগর গ্রুপ যুক্ত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এই ম্যারাথনে সহযোগিতা করছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
এ ছাড়াও চট্টগ্রাম মিনি ম্যারাথন আয়োজনে সহায়তা করেছে সুপ্রভাত বাংলাদেশ, যুগান্তর স্বজন সমাবেশ, ফুলকি, লিভিং উইথ ফরেস্ট সংগঠন, ভার্টিক্যাল ড্রিমার্স ও এফএনএফ রাইডার্স। এতে সহ-পৃষ্ঠপোষক হিসাবে ছিল মিনিস্টার ফ্রিজ, গোল্ডেনলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ম্যাক্স গ্রুপ।
এতে মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে দৈনিক ইত্তেফাক। এই স্কাই ম্যারাথন ইভেন্টে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আছে দি বাংলাদেশ মনিটর, মেকার, শিশুকিশোর মাসিক ম্যাগাজিন টইটম্বুর এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করছে টপ অব দি ওয়ার্ল্ড।