মালয়েশিয়ার সুপারমক কাপে প্লেট পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।
ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের মাঠে শনিবার সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবের অনূর্ধ্ব-১৩ দলকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।
এর আগে শ্রুক্রবার ব্রাজিল দলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা।
ক্রোয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ দল সবগুলো গোলই পেয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১তম মিনিটে অমিতের ক্রসে রাজা লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬২তম মিনিটে ভিক্তর কানিজাগের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়ার দলটি।
৭০তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন ফাহিম। এরপর রাজার কাট ব্যাক থেকে সাকিবের ভলি ঠিকানা খুঁজে পেলে ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
একই দিনে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দলও। ফিলিপাইন্সের দল গ্লোবাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে পারভেজ বাবুর শিষ্যরা।
সোহাগের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে রাশেদ ও মশিউর আরো দুই বার লক্ষ্যভেদ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে খুদে ফুটবলাররা।