দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসকন মন্দিরে বোমা হামলার ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। প্রসঙ্গত, ঘটনাস্থল থেকে শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। তিনি জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার গভীর রাতে শরিফুলের বাবা সাখাওয়াত হোসেন ওরফে খোকা মিয়াসহ (৬০) পাঁচজনকে মনোহরপুর গ্রাম থেকে আটক করা হয়। আটক অন্যরা হলেন, একই গ্রামের স্বাস্থ্য কর্মী আবু জাফর মন্ডল ইকবাল (৪৯), তার তিন ছেলে ফরহাদ মিয়া (২৫), ফুয়াদ মিয়া (২০) ও সিহাব মিয়া (১৮)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। আটক মনোহরপুর কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী আবু জাফর মন্ডলের বাড়ি থেকে কিছু জিহাদি বই ও সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ওই মন্দিরে প্রথমে ধর্মসভা এবং পরে কীর্তন চলছিল। কীর্তন চলাকালীন একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ঘটনাস্থলে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রতিবাদ করলে ওই তিন আরোহীর একজন পিস্তল বের করে পর পর তিন রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মিঠুন ও রঞ্জিত নামে দুইজন গুলিবিদ্ধ হন। তারা চিকিৎসাধীন রয়েছেন।