আবু হায়দার রনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত: মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সবার উপরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আবু হায়দার রনি। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও নিজের সেরা পারফরমেন্স প্রদর্শন করেছেন রনি। ১৯ রানে ৪ উইকেট নিয়ে কুমিল্লার বিজয়ে মূখ্য ভূমিকা রেখেছেন রনি। তাই রনির প্রশংসা করলেন কুমিল্লার অধিনায়ক, ‘বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত বলা যায় তাকে’।


লীগ পর্বে ১০ ম্যাচে অংশ নিয়ে ১৭ উইকেট ঝুলিতে ছিলো রনি। লীগ পর্বে পারফরমেন্সের ঝলক কোয়ালিফাইয়ার ম্যাচেও টেনে আনলেন রনি। বল হাতে নিয়ে শুরুতে রংপুরকে ধাক্কাটা সময় মত দেন তিনি। রংপুরের দুই ওপেনার সৌম্য সরকার ও ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্সকে দুই বলের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরত পাঠান রনি।


এরপর শেষদিকে দুই উইকেট নিয়ে রংপুরের হার নিশ্চিত করেন রনি। ফলে ম্যাচে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভার ১৯ রান ৪ উইকেট। ম্যাচের সেরা হবার দৌড়েও ছিলেন তিনি। কিন্তু ব্যাট-বল দুই বিভাগেই পারফরমেন্সের ঝলক দেখিয়ে ম্যাচের সেরা হন পাকিস্তানি আসার জাইদি।


তবে ম্যাচ শেষে রনির পারফরমেন্সের প্রশংসা করলেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি, ‘বিপিএলে আমাদের ঘরোয়া টুর্নামেন্টের চেয়ে একটু বেশি প্রেসার থাকে। কারণ এখানে বিদেশী খেলোয়াড়রা থাকে। এরপরও রনি যেভাবে বোলিং করেছে, আমার মনে হয় রনি অনেক পরিণত। ওকে এমন জায়গাও বোলিংয়ে পাঠিয়েছি, যেখানে প্রেসার আছে। এখনো সে নতুন। কখনো হয়তো নিতে পারছে। কখনো হয়তো পারছে না। ওকে কাছে থেকে দেখেছি, ও খুবই সম্ভাবনাময়। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত বলা যায় তাকে। তবে ক্লাব ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের পার্থ্যকটা অনেক বড়। এসেই পারফরম করা অনেক সময় সহজ, অনেক সময় কঠিন। বাংলাদেশ দলের কথা চিন্তা করলে ওকে গ্রেট ফিউচার বলা যায়’। বাসস