ঢাকা ডায়নামাইটসকে ১৮ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠেছে বরিশাল বুলস। সেখানে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আগামীকাল রংপুরের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে সন্ধ্যায় সাড়ে ছয়টায় মাঠে নামবে বরিশাল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বরিশালকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় ঢাকা। দলীয় ৪ রানে রনি তালুকদার ফিরে গেলে, সাব্বির রহামন ও ক্রিস গেইল দলের স্কোরে রানের হাওয়া যুগিয়েছেন স্বাচ্ছন্দ্যে। ৫১ বলে এ দু’জন ৭০ রান যোগ করেন। তবে গেইল ১৯ বলে ৩১ ও ও সাব্বির ৩৯ বলে ৪১ রান করে ফিরে গেলে রান তোলায় ভাটা পড়ে বরিশালের। ফলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় তাদের।
তারপরও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ৩৭ রানের উপর ভর করে ৫ উইকেটে ১৩৫ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ঢাকার পক্ষে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
জয়ের জন্য ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকে সর্তক ছিলো ঢাকা। বরিশাল বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ সময় গড়ানোর সাথে সাথে কোণঠাসা হয়ে পড়ে তারা। ফলে ম্যাচ হারটা এক সময় নিশ্চিত হয়ে যায় ঢাকার। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৭ রানে গিয়ে থামে ঢাকার ইনিংস। আর জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। দলের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন আল-আমিন ও কেভন কুপার।
সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল বুলস : ১৩৫/৫, ২০ ওভার (সাব্বির ৪১, মাহমুদুল্লাহ ৩৭, মুস্তাফিজুর ২/২১)।
ঢাকা ডায়নামাইটস : ১১৭/৮, ২০ ওভার (মোসাদ্দেক ২৬, ফরহাদ ২০, আল-আমিন ৩/১৫)।
ফল : বরিশাল বুলস ১৮ রানে জয়ী। বাসস