গোপালগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মেয়র প্রার্থী

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. তৌফিকুল ইসলাম তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান তার বাতিল হওয়া প্রার্থিতা ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত দেন। তৌফিকুল ইসলাম জেলা যুবদলের সভাপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী।
 
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি প্রার্থী তৌফিকুল ইসলামের আয়কর রিটার্নের সঙ্গে হলফ নামার তথ্যের গড়মিল থাকায় গত ৬ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করেন। 
 
মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্য দুজন হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুশফিকুর রহমান লিটন। 
 
গোপালগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসক তদন্ত করে তার প্রার্থিতা বৈধ করেছেন। 
 
বিএনপির প্রার্থী তৌফিকুল ইসলাম বলেন, ‘আমি আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছি। গোপালগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’