'কারিগরি শিক্ষা বর্তমান সরকারের প্রায়োরিটি অব প্রায়োরিটি'

 
কারিগরি শিক্ষা বর্তমান সরকারের 'প্রায়োরিটি অব প্রায়োরিটি'- এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অদূর ভবিষ্যতে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করা হবে।
 
শিক্ষামন্ত্রী আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে পাঁচ দিনব্যপি এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, 'এটি আজ অলীক কল্পনা মনে হতে পারে। কিন্তু আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করা হবে। কারণ এই কারিগরি জ্ঞান তরুণ প্রজন্মকে প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ দক্ষ জনগোষ্ঠী হিসেবে তৈরি করবে। তারাই হবে ভবিষ্যতের আধূনিক বাংলাদেশের নির্মাতা।'
 
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, কলম্বো প্লান স্টাফ কলেজের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ড. সি কুলানথাইভাল এবং কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক এবং ইন কান্ট্রি প্রোগ্রাম-এর স্থানীয় সমন্বয়ক এ এন এম সালাহউদ্দিন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এ অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন।
 
কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউটের শিক্ষক ও প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ম্যানিলা ভিত্তিক আঞ্চলিক সংস্থা কলম্বো প্লান স্টাফ কলেজ (সিপিএসসি) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদফতরের ইন কান্ট্রি প্রোগ্রাম যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।
 
'ওয়েব বেজড টিচিং অ্যান্ড লার্নিং সিস্টেম' শীর্ষক এই প্রশিক্ষণে কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ৪৫ জন শিক্ষক ও প্রশিক্ষক অংশ নিচ্ছেন। ঢাকায় কারিগরি শিক্ষা অধিদফতর কার্যালয়ে পাঁচ দিনব্যপি এ প্রশিক্ষণে ম্যানিলা ও বাংলাদেশের দক্ষ প্রশিক্ষকগণ প্রশিক্ষণ দেবেন।
 
নুরুল ইসলাম নাহিদ কারিগরি শিক্ষাকে বর্তমান সরকারের 'প্রায়োরিটি অব প্রায়োরিটি' উল্লেখ করে বলেন, এর আগে এদেশে কারিগরি শিক্ষা অত্যন্ত অবহেলিত ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছায় আমরা কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
 
উল্লেখ্য, কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে দেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ও ৬৩টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আছে। কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থী ভর্তির হার প্রায় ১৪ শতাংশ।
 
তিনি বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত এই তরুণ প্রজন্ম কেবল বাংলাদেশের জন্য নয় সমগ্র বিশ্বে নিজেদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে জায়গা করে নিতে সক্ষম হবে।
 
শিক্ষামন্ত্রী শিক্ষা নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, 'আমরা দেশে মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করতে চাই। কাজেই কাউকে শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না।'
 
তিনি কারিগরি প্রশিক্ষণ ইন্সটিটিউটরে শিক্ষকদের প্রযুক্তি ও সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন। বাসস।