বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মারা গেছেন

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক সচিব, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ মারা গেছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গিয়াসউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি প্রোস্টেট ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে তার শ্যালক নিজামউদ্দিন মাহমুদ জানিয়েছেন।
 
গিয়াসউদ্দিন আহমেদের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার বড় ছেলে নাইমউদ্দিন আহমেদ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর পদে এবং ছোট ছেলে ইশতিয়াক উদ্দিন আহমেদ নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছেন। বড় মেয়ে নিগার আহমেদ অস্ট্রেলিয়া প্রবাসী এবং ছোট মেয়ে নাহিদ আহমেদ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে কর্মরত।
 
ছেলেমেয়েরা দেশে ফিরলে মঙ্গলবার তেজগাঁওয়ের এলেনবাড়ী সরকারি কোয়ার্টার মসজিদ সংলগ্ন মাঠে গিয়াসউদ্দিন আহমেদের জানাজা হবে। বুধবার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।