বাউল ফকির হত্যা: আরো দুজন গ্রেফতার

 
চুয়াডাঙ্গায় বাউল ফকির জাকারিয়া হত্যায় জড়িত সন্দেহে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন আকন্দবাড়িয়া গ্রামের হঠাৎ পাড়ার দুলাল মণ্ডলের ছেলে আনারুল হক (৪২) ও আকন্দবাড়িয়া ক্লাব পাড়ার মোহাম্মদ বাদলের ছেলে মোহাম্মদ রানা (৩০)।
 
সোমবার দুপুরে আকন্দবাড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার  করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার এসআই বজলুর রহমান। এ ঘটনায় সোমবার পর্যন্ত তিনজন আসামিকে গ্রেফতার  করেছে।
 
এসআই বজলুর জানান, এর আগে শনিবার রাতে মেহেরপুর থেকে গ্রেফতার  করা হয়েছে মুক্তার আলী নামে একজনকে। সোমবার আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
বৃহস্পতিবার মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে গুচ্ছগ্রামের ফকির বাগানে ‘বাবা ফকির’ ফজলু শাহের মাজারে বাউল উৎসবে যাওয়ার পথে বাউল জাকারিয়া সরদারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।