মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে আকাশ হোসেন মিথুন (১৮) নামে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম এ আদেশ দেন।
জানা গেছে, কুষ্টিয়া জেলার হাতিয়া গ্রামের মৃত আলো বিশ্বাসের ছেলে আকাশ হোসেন মিথুন শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের তার নিকট আত্মীয় কামাল হোসেনের বাড়িতে থেকে লেখাপড়া করতো। শ্রীপুর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার বিভিন্ন সময় প্রেম প্রস্তাব দিতো মিথুন। সোমবার মিথুন কলেজে ঢুকে ওই ছাত্রীকে উত্যক্ত করছিল। এ সময় কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরে মিথুনকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।