নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় পুলিশের সঙ্গে ট্রাক-শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুরে সাদা পোশাকে থাকা আজাদ নামে এক পুলিশ কনসটেবলের সঙ্গে জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ট্রাক শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ও স্থানীয় কয়েকটি দোকান ভাঙচুর করে। তারা ঘণ্টাব্যাপী পঞ্চবটি-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রাক শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহমেদ পলাশের হস্তক্ষেপে বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ এবং শ্রমিকপক্ষের বৈঠকে ঘটনার সমঝোতা হয়েছে।