কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাস বৃদ্ধির দাবিতে আমরণ অনশনে এক শিক্ষার্থী

বাস সংকট নিরসন ও বাস বৃদ্ধির দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন কুুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত আদনান। সোমবার দুপুর সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে আমরণ অনশনে বসেন রিফাত।

তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। অন্যদিকে অনশন ভাঙানো ও শিক্ষার্থীদের বুঝাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শুভব্রত সাহা শিক্ষার্থীদের ‘অমানুষের বাচ্চা’ বলে গালি দিলে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।

রিফাত বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল বাস সংকট নিরসন করা। কিন্তু প্রশাসন আমাদের দাবি পূরণ করেনি। তাই আজ আর কোনো পথ না পেয়ে আমি আমরণ অনশনে বসেছি। আমি নিজেও দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাস চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার শিকার হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।’

শিক্ষার্থীদের গালি দেওয়ার বিষয়ে শুভব্রত সাহা বলেন, ‘আমি ভিসি স্যারের অসুস্থতার কথা বুঝাতে গিয়ে তাদের মানুষের বাচ্চা না বলে ফেলি। এর জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়েছি।’ 

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফেরাতে নিজ নিজ বিভাগের শিক্ষকদের দ্বারা চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ একসঙ্গে তিন সন্তানের মা হলেন চরফ্যাশনের জোৎস্না

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, ‘আমরা বিআরটিসি চেয়ারম্যানের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি। নতুন বাস এলেই আমাদের পরিবহনে যুক্ত হবে।'

ইত্তেফাক/নূহু