ফেনীর সোনাগাজী উপজেলায় জলদস্যু আফসার বাহিনীর প্রধান নুরুল আফসারকে (৪৫) গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একাধিক মামলার আসামি নূরল আফসার উপজেলার চরচান্দিয়া এলাকার শীর্ষ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী।
র্যাব জানায়, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় আফসার অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিনি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র্যাব এ সময় পাল্টা গুলি ছুড়লে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। তাকে আটক করে জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে আরো একটি বিদেশি পিস্তল, দুটি চাকু ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।