আসন্ন পৌরসভা নির্বচনে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় সংরক্ষিত আসনে এবার দুই জা ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। প্রতিদ্বন্দ্বীতাকারী দুই জা হলেন বর্তমান কাউন্সিলর শিউলী চৌধুরী (মৌমাছি প্রতীক) ও মিনু চৌধুরী (চুড়ি প্রতীক)।
গৌরীপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত এ আসনে ভোটার সংখ্যা ৬ হাজার ৫০৩ জন। এ আসনে মোট প্রার্থীর সংখ্যা ৮ জন। অন্যরা হলেন, রোকেয়া, সেলিনা খাতুন, শামীমা সুলতানা, আলেয়া বেগম, জোসনা রানী দে ও কোহিনুর বেগম। পৌরসভার খানপাড়া, টিটিডিসি, দাপুনিয়া পশ্চিম, নয়াপাড়া, নিমতলী, মাস্টারপাড়া, রাজবাড়ি, দাপুনিয়া পূর্ব, ধাংগরপাড়া, রিফুজিপাড়া, সতিষা, নতুনবাজার, পুরোহিতপাড়া, বাড়িওয়ালাপাড়া নিয়ে সংরক্ষিত এ আসন গঠিত।
জয়ের লক্ষ্যে দু'জনই ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। ভোট প্রার্থনাও করছেন দু'জনই। মনোনয়ন পত্রের সঙ্গে নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উভয়ের অষ্টম শ্রেণি উত্তীর্ণ উল্লেখ করেছেন।
নয়াপাড়া গ্রামের মো. বাপ্পী চৌধুরীর স্ত্রী মিনু চৌধুরী জানান, জনমানুষের কাজ করতে নির্বাচন করছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটারের আশ্বাসে জয়ের ব্যপারে তিনি আশাবদী।
বাপ্পী চৌধুরীর ছোট ভাই মো. মেহেদী হাসান চৌধুরী রৌজ এর স্ত্রী বর্তমান কাউন্সিলার শিউলী চৌধুরী জানান, বিগত ৫ বছর মানুষের পাশে ছিলেন। তাদের দেয়া প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। ভোটাররা এবারও তাকে বিজয়ী করবেন বলে আশাবাদী।