চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

 
বিজয় দিবসে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দেয়ার পর ছাত্রলীগ কর্মীদের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে ছাত্রলীগের সমাবেশে ধাওয়া দিলে এই সংঘর্ষ শুরু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
 
জানা গেছে,  বেলা ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় শিবিরকর্মীরা হামলা চালায়। এরপরই ছাত্রলীগ ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
 
IMG0
 
সংঘর্ষের মধ্যে দুই পক্ষই ঢিল ছুড়তে থাকে বলে জানিয়েছেন কলেজের এক কর্মচারী। সংঘর্ষ শুরুর খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়। সংঘর্ষ থামাতে ফাঁকা গুলি ছোড়া হয়।
 
IMG1
 
সংঘর্ষের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের বাইরে ও শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতরে হলে অবস্থান নিয়েছে।
 
চকবাজার থানার ওসি আজিজ উদ্দিন জানান, এই ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।