ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

 
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার আনালিয়াবাড়ি নামকস্থানে এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, চাপাঁইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (১৪) ও এনামুল হকের ছেলে আল আমিন (১৮)। এছাড়া আহাত হয়েছেন মাইনুল ইসলামের ছেলে নাঈম (১৬)। এরা সবাই সম্পর্কে চাচাতো ভাই।
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জানান, তিনজন এলেঙ্গা হতে রেললাইনের উপর দিয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে হেঁটে আসছিলেন। এসময় উত্তরবঙ্গগামী লালমনিহাট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে বাবু ও আল-আমিন মারা যান। এছাড়া নাঈম আহত হন। তারা দিনমজুর হিসেবে কাজ করতেন।
 
তিনি আরো জানান, নিহতদের আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।