নেত্রকোনা পৌরসভা নির্বাচন

স্থবিরতা কেটে বিএনপি অফিস এখন সরগরম

 
নেত্রকোনা পৌরসভার নির্বাচনে মেয়র পদের নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপি অফিসটি এখন সরগরম। বিএনপির  প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা এস এম মনিরুজ্জামান দুদুর পক্ষে  প্রচারণা শুরু হয়েছে।
 
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দীন খান, সম্পাদক ডাঃ আনোয়ারুল হক, সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, মহিলা দলনেত্রী সাবিনা দেওয়ান রুনুসহ নেতৃবৃন্দ মঙ্গলবার বিকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত  পৌরবাসীর হাতে হাতে দুদুর পক্ষে ভোট দেবার জন্য হ্যান্ড বিল বিতরণ করেছেন।
 
এছাড়াও  মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে  জেলা বিএনপির সম্পাদক ও ড্যাব নেতা ডাঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুসহ বিএনপি, ছাত্রদল নেতৃবৃন্দ দুদুর পক্ষে পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালান এবং ভোট প্রার্থণা করেন। নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করায় বিএনপির প্রার্থী দুদুর নির্বাচনী প্রচার প্রচারণায় ভিন্ন মাত্রা  পেয়েছে।  
 
এদিকে বিএনপি পৌর নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা কর্মীদের মধ্যে দীর্ঘদিন পর প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।
 
জেলা বিএনপির সভাপতি এবং সম্পাদক এই প্রতিনিধিকে জানান, সরকার দলীয় লোকজন বা পুলিশ কোন সমস্যার সৃষ্টি না করলে তাদের প্রচরণায় গতি পাবে।