দলকে শিরোপা এনে দেওয়ার পর প্রশংসায় ভাসছেন মাশরাফি বিন মুর্তজা। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মনে করছেন, শিরোপা জেতার পুরো কৃতিত্ব কোচ মোহাম্মদ সালাউদ্দিনের প্রাপ্য।
কাগজে-কলমে শক্তিতে অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে ছিল কুমিল্লা। মাঝপথে আবার তারা হারায় দুই ভরসা মারলন স্যামুয়েলস ও সুনিল নারাইনকে। তবে তার চেয়েও বড় বিপদ হয়ে দাঁড়ায় চোট। ভারসাম্যপূর্ণ একাদশ গড়াও ছিল একটা বড় চ্যালেঞ্জ।
সব সমস্যা পেছনে ফেলে শেষ হাসি হাসে কুমিল্লা। ফাইনালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে বিপিএলের তৃতীয় আসরে শিরোপা জেতে তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান দেখেন কোচের।
‘পুরো কৃতিত্ব আমি দেব কোচ সালাউদ্দিনকে। দূর থেকে কোচের কাজটা দেখা যায় না। যে দল আমরা পেয়েছিলাম, সেই দল নিয়ে শিরোপা জেতায় কোচের অবদান আছে’।
কোচ সালাউদ্দিনকে কতটা ভূমিকা পালন করতে হয়েছে সেটাও জানিয়েছেন মাশরাফি, ‘শুরু থেকেই অনেক ক্রিকেটারকে নিয়ে কাজ করেছেন, পরিকল্পনা করেছেন। কোন ক্রিকেটারকে কোন সময়ে কোন ভূমিকা পালন করতে হবে, সেটা কোচ ঠিক করে দিয়েছে। আমি কোচের প্রতি কৃতজ্ঞ। পুরো দলই তাকে ধন্যবাদ জানিয়েছে। মূল ভুমিকাটা তিনিই পালন করেছেন’।
‘পরিকল্পনা থেকে শুরু করে সবকিছু ঠাণ্ডা মাথায় করেছে। ক্রিকেটাররাও অনেক সহায়তা করেছে,’ যোগ করেন মাশরাফি।