পটুয়াখালীর আন্ধারমানিক নদী পার হওয়ায় সময় তিন শতাধিক পর্যটক নিয়ে মাঝনদীতে একটি ফেরি ডুবে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটি ডুবে যাওয়া শুরু করলে পর্যটকদের চিৎকারে নদীর দুই পাশে শত শত মানুষ জড়ো হয়। অন্তত ৫০ জন পর্যটক নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে ওঠেন। স্থানীয় লোকজন ৫ থেকে ৭টি নৌকা ও ট্রলার নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। তাৎক্ষণিকভাবে কোনো পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম বলেন, ‘ডুবতে থাকা ফেরিটিকে টেনে চড়ায় ওঠাতে পেরেছি। ফেরিতে অতিরিক্ত যানবাহন উঠানোর কারণে তলদেশ ফেটে দুর্ঘটনা ঘটেছে।’