ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৬ রিও অলিম্পিকের আগে অবসর নিয়ে কোন ভাবনা নেই বলে জানালেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগে খেলতে এসে এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ফেদেরার।
তিনি বলেন, ২০১৬ সাল নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আর রিও অলিম্পিকের আগে অবসর নিয়ে ভাবার কোন ফুসরত নেই। বয়স ৩৪, তবে হঠাৎই যেন নিজের সেরা ফর্ম থেকে হারিয়ে গেছেন ফেদেরার। টেনিসের সেরা চার টুর্নামেন্টের দিকে চোখ বুলালে, তা একরকম স্পষ্ট। ২০১২ সালে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার। তার আগে ২০১০ সালে জিতেছিলেন সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম।
তবে চলতি বছর গ্র্যান্ড স্ল্যাম জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ফেদেরার। উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে উঠেও শিরোপা স্পর্শ করতে পারেননি তিনি। তাই সমালোচকরা তেতে উঠেন। তারা বলে বসেন, ফেদেরার অবসর নেয়া এখন সময়ের ব্যাপার। সমালোচকদের এক কথা কানে অনেক আগেই গিয়েছে ফেদেরার। কিন্তু অবসর নিয়ে কোন কথা বলেননি তিনি। অবশেষে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগে খেলতে এসে নিজের অবসর ভাবনা নিয়ে কথা বললেন ফেদেরার। তাতে খুশী হবেন ফেদেরার ভক্তরা।
ফেদেরার বলেন, ২০১৬ সাল নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। বিশেষভাবে রিও অলিম্পিক নিয়ে। তাই এই মুর্হূতে অবসরের নিয়ে কোন পরিকল্পনা নেই। এখন আমার ভাবনা জুড়ে রিও অলিম্পিক। তাই রিও অলিম্পিকের আগে অবসর নিয়ে ভাবার কোন সময়ও নেই। শুধুমাত্র রিও অলিম্পিকই নয়, আগামী বছর অস্ট্রেলিয়ার ওপেন জয়ের ইচ্ছা পোষণ করেছেন ফেদেরার, আগামী বছর আমি অস্ট্রেলিয়ান ওপেন জিততে চাই। রিও অলিম্পিকের পর অস্ট্রেলিয়ান ওপেন জয় আমার বড় টার্গেট।
২০১৬ বছরকে সামনে রেখে নিজের ফিটনেস নিয়ে বেশ সর্তক ফেদেরার। নিজের ফিটনেসের দিকে বেশি বেশি দেখ-ভাল করছেন তিনি। তাই ফিটনেস নিয়ে বেশ খুশী ফেদেরার, আমি আমার ফিটনেস নিয়ে বেশ খুশী। ফিটনেস ঠিক রাখতে এখনও সবকিছু নিয়মমাফিক করি। ফিটনেস ঠিক রাখতে খেলা থাকলেও যা করি, না থাকলেও তা করি। আমার মনে হয় এখনও অনেকদিন আমি খেলার মধ্যে থাকবো। সাফল্য পেতে হলে ফিটনেস শতভাগ ভালো থাকাটা জরুরী।
এখন পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে ৪টি, ফ্রেঞ্চ ওপেনে ১টি, উইম্বলডনে ৭টি ও ইউএস ওপেনে ৫টি শিরোপা জয় করেন ফেদেরার। এএমটি।