চট্টগ্রাম কলেজে সংঘর্ষ: দুই মামলায় আসামি শতাধিক

 
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের পর ছাত্রাবা অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দুইটি মামলা দায়ের করেছে পুলিশ। ঐ মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
 
পুলিশ জানিয়েছে, ছাত্রাবাসে অস্ত্র উদ্ধারের ঘটনায় বুধবার রাতে চকবাজার থানার এস আই মো. কামাল অস্ত্র ও  বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন।
 
চকবাজার থানার এসআই শম্পা হাজারী জানিয়েছেন, অস্ত্র আইনের মামলায় চারজন এবং বিস্ফোরক আইনের মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৯০ থেকে ৯৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার তল্লাশির সময় কলেজ থেকে আটক ৪০ জনের মধ্যে ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে তল্লাশির সময় চারটি কিরিচ, তিনটি পিস্তলের গুলির খোসা, বিস্ফোরকের কৌটা ও ছয়টি হকিস্টিক উদ্ধার করা হয়।
 
বুধবার বিজয় দিবসের দিনে চট্টগ্রাম সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শিবিরের হামলার শিকার হওয়ার পর ছাত্রলীগ ও শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এরপর চট্টগ্রাম কলেজ ও পাশের মহসিন কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এই ঘটনার জেরে কলেজ কর্তৃপক্ষ চারটি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।