নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা নির্বাচন জমে উঠেছে। বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এতে ভোটের ফলে প্রভাব পড়বে বলে মনে করছেন ভোটাররা।
পৌরসভার মেয়র পদে মোট ৪ জন দলীয় প্রতীকে নির্বাচন করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন (নৌকা), বিএনপির অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার (ধানের শীষ), জাতীয় পার্টির জয়নাল আবেদীন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন প্রার্থী হাফেজ নূরুল হুদা (হাত পাখা)।
বৃহস্পতিবার সকালে বিএনপি প্রার্থীর পক্ষে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শেরেবাংলা সড়ক এবং শহীদ সামসুল হক রোডে প্রচারণা চালান বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, সদস্য আক্তারুজ্জামান মিয়া, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, 'সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা অবশ্যই জয়লাভ করবে।' তৃণমূলকে উজ্জবিত করার জন্য কেন্দ্রীয় দল কাজ করছে বলে জানান তিনি।