সভাপতির পদত্যাগ চাইলেন পেলে-জিকো

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি মার্কো পোলো দেল নেরোর দ্রুত পদত্যাগ দাবী করেছেন ব্রাজিলিয়ান দুই কিংবদন্তী ফুটবলার পেলে ও জিকো। যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা কর্তৃক ফিফার দুর্নীতি নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তাতে মার্কো পোলোর বিপক্ষেও সম্প্রতি অভিযোগ উত্থাপিত হয়েছে।
 
বর্তমান ও সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত বোম সেনসো এফসি’র এক বিবৃতিতে মার্কো পোলোর পদত্যাগের পাশাপাশি যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক নির্বাচনেরও দাবী জানানো হয়েছে। এই নির্বাচনে যাতে বর্তমান কমিটির কেউ জড়িত না থাকে সে ব্যাপারেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই বিবৃতিতে ১৩০জন বর্তমান ও সাবেক খেলোয়াড় স্বাক্ষর করেছেন। তাছাড়া এ সংক্রান্ত বিষয়ে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ যাতে আলাদা একটি তদন্ত শুরু করে তার উপরও গুরুত্বারোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দুর্নীতি তদন্ত সংস্থা মার্কো পোলোর পাশাপাশি তার পূর্বসূরি হোসে মারিয়া মারিন (২০১২-২০১৫) ও রিকার্ডো টেক্সেইরার (১৯৮৯-২০১২) বিপক্ষেও অভিযোগ উত্থাপন করেছিল। তারই ধারাবাহিকতায় গত ২৭ মে সুইস পুলিশ জুরিখে আরো ছয়জন ফিফা কর্মকর্তার সাথে মারিনকেও আটক করে। বাসস।