রংপুরের পীরগাছায় বুধবার দিবাগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি বজলুর রশিদ মুকুলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
বজলুর রশিদ মুকুল দীর্ঘ দিন ধরে পালাতক ছিলেন। তিনি পুলিশ কনেস্টেবল মোজাহার আলীকে পিটিয়ে হত্যাসহ ৫টি মামলার এজাহার ভুক্ত আসামি। মুকুল জামায়াত নিয়ন্ত্রিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেয়া পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নেকমামুদ বাজারে গোপন বৈঠক করার সময় বজলুর রশিদ মুকুলকে আটক করা হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসরাম জানায়, পীরগাছা থানা ছাড়াও অন্যান্য থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।