অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ একটি কভার্ডভ্যান আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ সময় কভার্ডভ্যান চালক মো. ফারুক হোসেন ও হেলপার রুবেলকে গ্রেফতার করা হয়।
 
কাঁচপুর হাইওয়ে থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে উপজেলাধীন ওই সড়কের কাঁচপুর বাসসট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ভারতীয় শাড়ি ভর্তি একটি কভার্ডভ্যান জব্দ করা হয়। ভ্যানটির চালক ও হেলপারকে  গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে জব্দকৃত কভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে সোনারগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।