সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মেয়র প্রার্থীর মত বিনিময়

আসন্ন সীতাকুণ্ড পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ বদিউল আলম বিভিন্ন বিষয় নিয়ে সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন।
 
বৃহস্পতিবার বিকাল তিনটায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
মত বিনিময় সভায় তিনি অভিযোগ করেন,  ‘বর্তমান মেয়র নায়েক সফি দলকে পুঁজি করে বারংবার নির্বাচিত হয়ে সীতাকুণ্ডে উন্নয়নের কোনো কাজ করেননি। উন্নয়ন করেছেন তার নিজের সম্পদের। ভোটের জন্য বিগত আন্দোলনে জামায়াত-বিএনপিকে সহযোগিতা করেছেন। পরাজয় হবেন নিশ্চিত জেনে ভোটে দাঁড়াবেন না বলে ঘোষণা দিয়েও লোভ সামলাতে না পেরে এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।’
 
সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইছহাকের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রেহান চেয়ারম্যান, নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মুজিবুল হক খন্দকার, রতন মিত্র, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম, আওয়ামী লীগ নেতা মো. সায়েদ মিয়া প্রমুখ।