সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না। জনগণ যাকে চাইবে তাকেই নির্বাচিত করবে। পৌর নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার জেলা শহরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ভিত্তি প্রস্তরের স্থান পরিদর্শন শেষে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগামী ২৬ জানুয়ারি সেতুটির শিডিউল জমা দেয়ার শেষ দিন। এসময় তিনি মহাসড়কের বিভিন্নস্থানে যেসকল রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার রয়েছে সেগুলো আগামী ১০ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
গত ১৪ ফেব্রুয়ারি এই সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ২৯০ মিটার। চারটি লেনে ১৫ মিটার চওড়া হবে। প্রকল্পের জন্য ১০ দশমিক ৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সৌদির অর্থায়নে সেতু নির্মাণে ব্যয় হবে ৫৪০ কোটি টাকা।