লাকসামে ২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ, গুলি: আহত ৪

কুমিল্লার লাকসামে ২ কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ৪ জন। এদের মধ্যে ২ জনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে লাকসাম পৌর এলাকার শিউরাইনে এ ঘটনা ঘটে।

 
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২ দিন ধরে লাকসাম পৌরসভার নির্বাচনে আ’লীগ সমর্থিত ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী  ও বর্তমান কাউন্সিলর হিরন মিয়া (উটপাখি) এবং অপর কাউন্সিলর প্রার্থী ওমর আলীর (পানির বোতল) কর্মী-সমর্থকদের মাঝে এলাকায় ভোট চাওয়া ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে শিউরাইন এলাকায় ওমর আলীর কর্মী -সমর্থকরা অতর্কিতে হিরন মিয়ার কর্মী -সমর্থদের উপর হামলা চালায়।
 
এ সময় উভয় গ্রুপে ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ৪/৫ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে।সংঘর্ষে হিরন মিয়ার সমর্থক ও ওয়ার্ড যুবলীগের সভাপতি রবিউল (২৭) ও  সমর্থক বাবুল (১৮)সহ  অন্তত ৪ জন আহত হয়েছে।
 
আহত রবিউল (২৭) ও বাবুলকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত ১২টায় মোবাইল ফোনে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে, দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে, বেশী কিছু ঘটেনি। গুলির ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।