ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত জেষ্ঠ্য সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুককে স্মরণ করে শোকসভা করেছে নিউইয়র্কে প্রবাসী সাংবাদিকরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা আব্দুল্লাহ আল ফারুকের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। তারা সাংবাদিক ফারুকের ঘাতক অজ্ঞাত ট্রাক চালককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
শোকসভায় একইসঙ্গে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকদের ঘাতকদের গ্রেপ্তার না করা এবং গ্রেপ্তারকৃতদের আইনের ফাঁক গলে বেরিয়ে আসায় ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, শিথিল আইনের কারণে পরিবহন চালকেরা বেপরোয়াভাবে যানবাহন চালাচ্ছে। তারা দুর্ঘটনার নামে নানান পেশার লোকদের হত্যা করে চলেছে। এ ধরনের চালকরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে দুর্ঘটনার হারও কমে যেতো।
সড়ক দুর্ঘটনায় কারো প্রাণহানি ঘটলে অভিযুক্ত চালককে সর্বোচ্চ মৃত্যুদণ্ড সাজা বহাল করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
শোকসভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকালের সম্পাদক মনজুর আহমেদ এবং সভা পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুজাহিদ আনসারী, জেষ্ঠ্য সাংবাদিক সন্তোষ মন্ডল, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক আজকালের বিশেষ প্রতিনিধি শওকত ওসমান রচি, সাংবাদিক মনির হায়দার, যমুনা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, সাংবাদিক ও সমাজকর্মী শামসুল আলম লিটন, এটিএন বাংলার কানু দত্ত, এনটিভি ইউএসএ’র আবিদুর রহিম প্রমুখ।
বক্তারা বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার উন্নতিকল্পে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।