লক্ষ্মীপুরের কমলনগরে অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের বেঁধে তিনটি জুয়েলারি দোকানে ডাকাতি হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাতদল ওই তিন দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৪৭ লাখ টাকার স্বর্ণালংকার লুটে নেয়। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ফারুক মুন্সি। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত ফারুককে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলমগীর ও শামছু নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. আলী আহাম্মদ বলেন, 'গভীর রাতে ২৫-৩০ জনের একদল ডাকাত মুন্সিরহাট বাজারে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে বাজারের ইব্রাহিম, রুবেল ও সুমনের দোকানে হানা দেয়। এসময় ডাকাতদল ওই তিন দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়।'
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, স্বর্ণকার ইব্রাহিমের দোকানে প্রায় ৬০ ভরি স্বর্ণ, ১২০ তোলা রুপা ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা। সুমন স্বর্ণকারের প্রায় ২০ লাখ টাকার ও রুবেল স্বর্ণকারের ৩ লাখ টাকার স্বর্ণালংকার দোকানের তালা ভেঙে লুট নিয়ে যায় ডাকাতদল।
কমলরগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ ডাকাতির মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।'