বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সেলিম মিয়া বিএ পরীক্ষার্থী ছিল।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের টেনু মিয়া এবং তার ভাই তাহির মিয়ার মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। সকালে ওই বিরোধপূর্ণ জমির দখল নিয়ে উভয়পক্ষের লোকজন টেটা, বল­ম, ফিকলসহ দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে টেনু মিয়ার ছেলে সেলিম মিয়া  ঘটনাস্থলেই মারা যান। 
 
গুরুতর আহত শামীম মিয়াকে (২২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আব্দুল বারেক (৪০), টেনু মিয়া (৫৫), সোহেল (২৭) ও সেনু মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।